ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাম্পে তেল বিক্রিতে অনিয়ম, জরিমানা দুই লাখ

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রসিদ না দেওয়ার ঘটনায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পবা উপজেলায় দারুশা কর্ণহারে মতিউর ফিলিং স্টেশন অভিযান চালায় র‍্যাব ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত।

এসময় জেলা প্রশাসকের সহকারী সামিয়া রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে সরকার ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে পবা উপজেলায় দারুশাতে মতিউর ফিলিং স্টেশন অভিযান পরিচালনা করা হয়। সেখানে মনিটরিং শুরু করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা

অনিয়মগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ বা রিসিট দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিলেন না। এমন কোনো রিসিট তারা দেখাতে পারেননি। তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেট নেই।

মজুত প্রসঙ্গে সামিয়া রহমান বলেন, পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে নেই।

সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এসআর/জেআইএম