মোবারক হোসেন
সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াত প্রাধান্য দিচ্ছে কোয়ালিটি
সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াত ইসলামী সব সময় কোয়ালিটিকেই প্রাধান্য দেয় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। তিনি বলেন, একজন নারী সংসদে গিয়ে নারী সমাজ ও জাতির পক্ষে কথা বলতে পারবে- এমন প্রার্থী খুঁজছে জামায়াত। ক্রিকেট বোর্ডের মতো প্রার্থী দেবে না জামায়াত। প্রার্থীদের তালিকা প্রকাশ পেলেই প্রমাণ পাবে জাতি।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মোবারক হোসেন বলেন, জামায়াতে যারা এমপি হয়েছেন, জামায়াতের এমপিদের প্রশিক্ষিত করার জন্য আলাদা সেল রয়েছে। যাতে তারা সংসদে বা সংসদের বাইরে জনগণের বঞ্চনার কথা বলতে পারে। আমরা একটি রাষ্ট্রকাঠামোতে যাওয়ার জন্য যেসব পরিকল্পনা দরকার; সব জায়গাতেই কাজ করছি। যদিও আমরা ছায়া মন্ত্রিসভার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সরকার সেটি গ্রহণ করেনি।
বিরোধী দলীয় জনপ্রতিনিধিরা প্রায়ই বরাদ্দ ও প্রশাসনিক অসহযোগিতার শিকার হন উল্লেখ করে তিনি বলেন, আমাদের এমপিরা যাতে প্রশাসনিক বাধার কারণে উন্নয়ন কার্যক্রম থেকে পিছিয়ে না পড়েন, সে জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদে জোরালো দাবি জানাচ্ছি। স্থানীয় প্রশাসনের সঙ্গেও সমন্বয় রাখা হচ্ছে যাতে জনগণের সেবায় কোনো প্রভাব না পড়ে।
সাংবাদিকদের উদ্দেশ্যে মোবারক হোসেন বলেন, একটি শক্তিশালী সংবাদ বা ছবি দেশে বিপ্লব ঘটাতে পারে। রাষ্ট্র সংস্কার ও পরিচালনায় গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। তাই জাতীয় সংকটে সংবাদকর্মীদের বিবেক ও বুদ্ধি প্রয়োগ করে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুর-ই আলী নুর মামুন, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।
মিলন রহমান/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ২ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৩ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ৪ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৫ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা