কুষ্টিয়ায় যুবককে প্রকাশ্যে গুলি
কুষ্টিয়ার খোকসায় বাজারের মধ্যে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় আশরাফুল (৩৫) নামে এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজারে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছেন হিজলাবট গ্রামের জাহিদ হোসেনের ছেলে রিয়াজ (২২)। এ সময় দুর্বৃত্তরা দেবিনগর গ্রামের ময়েন আলীর ছেলে রং মিস্ত্রি আশরাফুলকেও রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ ওই যুবকের ফুফাতো ভাই রুহুল আমিন জানান, দুপুর ১২টার দিকে হিজলাবট বাজারের একটি কাঠের ফার্নিচারের দোকানে রিয়াজ ও রং মিস্ত্রি আশরাফুল কথা বলছিলেন। এসময় দুর্বৃত্তরা প্রকাশ্যে বাজারের মধ্যে তাদের আক্রমণ চালায়। এসময় রিয়াজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুক্তাদির হাসান বলেন, গুলিবিদ্ধ রিয়াজের অবস্থা আশঙ্কাজনক। পেটের সামনের দিকে চামড়ার নিচে গুলিটি আটকে রয়েছে। গুলিটির অবস্থান নির্ণয় করাসহ উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন প্রকাশ্য বাজারে যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ যুবক ও রং মিস্ত্রি একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর লোক। নিজেদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে বিষয়টি আজ গুলির পর্যায়ে পৌঁছেছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আল-মামুন সাগর/এনএইচআর/এমএস