বগুড়ায় সয়াবিন তেল বেশি দামে বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়া শহরের রাজা বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র্যাব-১২-এর একটি দল ও ভোক্তা অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ৬ প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, শনিবার বেলা পৌনে ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত রাজা বাজার এলাকায় এই তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর বগুড়া জেলা শাখার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। সঙ্গে ছিলেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
অভিযানে দেখা গেছে, রাজা বাজারের নিউ মন্ডল ট্রেডার্স ৫ লিটারের সয়াবিন তেলের বোতলে নির্ধারিত মূল্য ৯৫৫ টাকার পরিবর্তে ৯৬০ টাকা রাখছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতি লিটার সয়াবিন তেলের নির্ধারিত মূল্য ১৮৫ টাকা হলেও বেশি দামে বিক্রি করার দায়ে সালাম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাকি চারটি প্রতিষ্ঠানের মধ্যে তেলের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় মিঠু ট্রেডার্সকে ৫ হাজার টাকা, এ.কে. ট্রেডার্সকে ৫ হাজার টাকা, সাইফুল স্টোরকে ২ হাজার টাকা এবং আ. রহমান স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় কিছু অসাধু ব্যবসায়ী তেলের বাজারে কারসাজি করছিল। নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে আজ এই অভিযান চালানো হয়েছে।
ভোক্তা অধিদপ্তর বগুড়া জেলা শাখার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এলবি/এনএইচআর/এমএস