পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে হামলায় নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফরিদপুরের দিপালীসহ মধ্যপ্রাচ্যে হামলায় যারা নিহত হয়েছেন তাদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকার সচেষ্ট রয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি প্রবাসী আটকে পড়েছে তাদের ভিসা সংক্রান্ত জটিলতাসহ অন্যান্য সমস্যা বাংলাদেশ সরকার দেখছে। ওইসব দেশে যারা কর্মরত রয়েছেন তারা যেন আবার ফেরত যেতে পারে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিও আমরা দেখছি।
তিনি বলেন, আমার বাবার মৃত্যুর পর থেকে আমি আপনাদের ছেড়ে যাইনি। আপনাদের পাশে থেকেছি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও প্রতিনিধিত্ব করছি। অতএব সবার ভালো-মন্দ, বিপদ-আপদ দেখা আমার কর্তব্য। আমি আমার দ্বায়িত্ব পালন করে যাবো।
ফরিদপুর পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক অজয় কুমার করের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুলসহ নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা।
এন কে বি নয়ন/এনএইচআর/এমএস