জয়পুরহাট
জুলাই হত্যাসহ একাধিক মামলার আসামি আ.লীগের ৬ নেতা কারাগারে
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগের ৬ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট আমলি আদালতে (সদর) হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে এই আদেশ দেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই ৬ নেতা হলেন- সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল আলম ওরফে সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিহাদ মণ্ডল, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান এবং জেলার আমদই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা ২৪-এর জুলাই গণঅভ্যত্থানের হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুরে তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বলেন, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মাহফুজ রহমান/কেএইচকে/এমএস