সরকারের মেয়াদ শেষ হলেই নির্বাচন
সরকারের মেয়াদ শেষ হলেই নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
মধ্যবর্তী নির্বাচন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এই সরকারের আর সোয়া দুই বছর মেয়াদ রয়েছে। মেয়াদ শেষ হলেই নিয়মানুযায়ী নির্বাচন দেয়া হবে। মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন দেবেন কিনা তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো বলতে পারবেন।
সেতুমন্ত্রী আরো বলেন, রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় হামলার পর আমরা শঙ্কিত। জঙ্গিরা আগামী আগস্ট মাস হয়তো হামলার জন্য বেঁছে নিতে পারে। ওই মাসে তারা একটি অঘটন ঘটাতে পারে। তাই প্রশাসনকে সকল প্রস্তুতি নিতে বলা হয়েছে।
ভুলতা ফ্লাইওভারের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া ২৯০টি পাইলিংয়ের মধ্যে ২২০টি পাইলিং করে ফেলা হয়েছে। এছাড়া ২৭টি পিলারের মধ্যে ৬টি পিলারের কাজ শেষ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, এএসপি আনোয়ার হোসেন, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম প্রমুখ।
এর আগে গত ১৫ মে রোববার দুপুরে ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছিলেন সেতুমন্ত্রী। তখন ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা দেখে প্রকল্প নির্মাণ পরিচালকসহ কর্মকর্তাদের শাসিয়ে ছিলেন।
মীর আব্দুল আলীম/এআরএ/পিআর