তিন পার্বত্য জেলায় চলছে দ্বিতীয় দিনের হরতাল
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইন-২০১৬ বাতিলের দাবিতে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রামভিত্তিক পাঁচ বাঙ্গালি সংগঠনের ডাকা দ্বিতীয় দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইনের অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবারও হরতালের ঘোষণা দেয়া হয়।
হরতালে খাগড়াছড়ি জেলা শহরে সীমিত আকারে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেলেও ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলা সদরের আভ্যন্তরীণ সড়কেও কোনো যান চলাচল করছে না। খাবারের দোকান ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি চোখে পড়ার মতো নয়।
এদিকে হরতালকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এ সালাহউদ্দিন।
বুধবার হরতাল শেষে সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবারও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়ায় বাড়তি ভোগান্তিতে পড়েছে জেলা সদরে আসা পর্যটকসহ দূরপাল্লার যাত্রীরা। অনেক পর্যটক নৈশকোচে খাগড়াছড়ি এসে তাদের কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারছেন না।
প্রসঙ্গত, ১ আগস্ট মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন- ২০১৬’ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় এবং মঙ্গলবার (৯ আগস্ট) অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা