নির্দলীয় নির্বাচন হলে ক্ষমতাসীনরা ক্ষমতায় আসতে পারবে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, যদি আগামীতে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ তাদের ভোট দিতে পারে, জনগণ তাদের উচিত শিক্ষা দেবে, আর তারা কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।
মঙ্গলবার গাজীপুর আদালতে এক মামলার হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি ড. শহীদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, অ্যাড. সিদ্দিকুর রহমানসহ আইজীবীরা উপস্থিত ছিলেন।
হান্নান শাহ বলেন, অবশ্যই আমরা জাতীয় ঐক্য চাই। এটা এখন স্পষ্ট যে বর্তমান সরকার জাতীয় ঐক্য চায় না। যদি না চায় তাহলে কি হবে? জঙ্গি এবং সন্ত্রাসীরা আরো উৎসাহিত হবে। এই কোর্টে জেএমবি বোমা মেরে ছিল। বিএনপি তাদের ধরে সাজা দিয়েছিল। আবার সেই জেএমবি মাথা চারা দিয়ে ওঠেছে।
হান্নান শাহ আরো বলেন, প্রতিদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু ছেলে টেন্ডার ছিনতাই করছে, মানুষকে মারধর করছে, বিকাশের টাকা লুট করছে, এমনকি তারা পুলিশকে ধরে পেটাচ্ছে। তারপরও তারা হয়ে যায় সোনার ছেলে আর আমরা কিছু না করলেও মামলার পর মামলা হয়ে যায়। সুতরাং এই সরকারের চরিত্র বাংলাদেশের মানুষ জানে।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস