বন্দীদের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, সারাদেশে ৭৫ হাজার বন্দী রয়েছেন। এর মধ্যে ২৫ হাজার বন্দী সাজাপ্রাপ্ত। তাদের নিয়ে ছোট বড় ইন্ডাস্ট্রি পরিচালনা করা সম্ভব। বন্দিদের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে।
কারাগার নিরাপত্তা আধুনিকায়ন কর্মসূচির আওতায় ৩২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল কারাগারগুলোকে জ্যামার, লাগেজ স্ক্যানার, বডি স্ক্যানার ও সিসি টিভির আওতাভুক্ত করা হবে।
শনিবার দুপুরে গাজীপুর জেলা কারাগারে কারা বন্দীদের গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র, নবনির্মিত কেইস টেবিল ভবন, গভীর নলকূপ এবং পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কারাগার প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং দ্যা অ্যাপারেল নিউজের সম্পাদক ও প্রকাশক অমিত কে বিশ্বাস।
কারা মহাপরিদর্শক আরো বলেন, কারাগারে বন্দীরা সাজা শেষে সমাজে ফিরে যাবে। তাই এর আগেই তাদের প্রশিক্ষিত করে কারাগার থেকে মুক্তি দেয়া হবে। তারা সামাজিক জীবনে ফিরে গিয়ে যাতে স্বাভাবিক জীবনে নিজেকে নিয়োগ করতে পারে সেজন্যই প্রশিক্ষণের এ ব্যবস্থা।
এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দিদের জন্য প্রশিক্ষণ পুনর্বাসন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশিক্ষণে যেসব বন্দী প্রশিক্ষণ নিচ্ছেন তাদের বাইরের কারিগরি প্রতিষ্ঠানের সনদ দেয়া হচ্ছে। কারণ তাদের মাধ্যমেই বন্দীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
গাজীপুর জেলা কারাগারে বন্দীদের জন্য ২১টি মেশিন, চারটি কেইস টেবিলসহ প্রশিক্ষণের নানা উপকরণ দেয়া হয়েছে। দ্যা অ্যাপারেল নিউজের সহায়তায় জেলা কারাগার বাস্তবায়ন করেছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি