খুলনায় কলকাতার বাস এলো
১২ জন ভারতীয় নাগরিককে নিয়ে কলকাতা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক দু’টি মৈত্রী বাস (ভুতল পরিবহন নিগম) খুলনায় এসে পৌঁছেছে। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর বাস দুটি খুলনা সার্কিট হাউজে এসে পৌঁছায়। ভারতের বাংলা প্রদেশের ট্রান্সপোর্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি বিশ্ব মাধব দাস গুপ্তের নেতৃত্বে মৈত্রী বাস দুটি খুলনায় এসেছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনা সার্কিট হাউজে বাসের যাত্রীদেরকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, বাংলাদেশ সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব চন্দন কুমার দে প্রমুখ।
বাংলা প্রদেশ ট্রান্সপোর্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি বিশ্ব মাধব দাস গুপ্ত বলেন, আমাদের সবকিছু ভালো লেগেছে, আমরা একমাসের মধ্যে এ রুটে বাণিজ্যিকভাবে বাস চালু করতে আশাবাদী। তবে এই রুটে কত ভাড়া হবে তা আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে বাংলার একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আশা করি, এক দেশের প্রতি অন্যদেশের প্রত্যাশা পূরণ হবে। এ রুটের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন হবে।
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ভারত থেকে আসা প্রতিনিধিদল বুধবার সকালে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও অযোদ্ধার মঠ পরিদর্শন শেষে বেলা সাড়ে ৩টায় ভারতের উদ্দেশে খুলনা ছেড়ে যাবেন।
এর আগে দুপুরে কলকাতার ইএম বাইপাসে অবস্থিত পরিবহন ভবন থেকে পতাকা নেড়ে খুলনা-কলকাতা রুটের বাসের যাত্রার উদ্বোধন করেন বাংলা প্রদেশের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আলমগীর হান্নান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত