ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই এলাকার তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের কুমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও দৌলরদী গ্রামের জালালউদ্দিনের মেয়ে সাবিকুন নাহার (৮) বিকেলে পার্শ্ববর্তী ব্রক্ষপুত্র নদের তীরে খেলা করার সময় পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে তার সহপাঠী একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মিথিলা আক্তার (৭) ও একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র মোজাম্মেলের ছেলে নিরব হোসেন (৭) সাবিকুন নাহারকে উদ্ধার করতে গিয়ে তারা দুইজনও পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

পরে তাদের মরদেহ নদে ভেসে উঠলে দেখতে পায় এলাকাবাসী। নদী থেকে মরদেহ উদ্ধারের পর মাতুয়াইলে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নেয়া হলে তাদের মৃত্যু হয়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
শাহাদত হোসেন/এআরএ/এবিএস