ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজার সদর উপজেলার দুই ইউনিয়ন এবং চকরিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিনের পৃথক সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সূত্র জানায়, সদরের ইসলামপুর ও ইসলামাবাদে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা দুটি ঘটেছে দুপুরে ইসলামপুর নতুন অফিস শিয়াপাড়া এলাকায় এবং ইসলামাবাদ ওয়াহেদের পাড়া এলাকায়।

নিহত শিশু আবদুল হামিদ (৩) শিয়াপাড়ার হুমায়ুনের ছেলে এবং অন্যজন ওয়াহেদের পাড়ার আবছার ড্রাভোরের মেয়ে ঈদগাঁহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে সালমা উমাইয়া (১০) বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে প্রকাশ, শিশু আবদুল হামিদ অন্যান্য দিনের মতো বাড়ির পাশে খেলা করার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। দুপুরে তাকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে ও নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁওর বিভিন্ন ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত উমাইয়ার পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্কুল ছুটির পর ঈদগাঁও নদীতে গোসল করতে নামে উমাইয়া। দীর্ঘক্ষণ না আসায় খুঁজতে বের হলে ভাসমান অবস্থায় নদীতে দেখতে পাওয়া যায় তাকে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

অন্যদিকে, চকরিয়া উপজেলার খুটাখালীতে কুয়ার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আবদুল­াহ আবিদ তামিম (২)। সে ইউনিয়নের দক্ষিণ ফুলছড়ি মাদ্রাসার পাড়ার হুমায়ুন কবিরের পুত্র। সোমবার বিকেল ৪টার সময় ঘটে এ ঘটনা

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির সম্প্রতি সদর উপজেলার ইসলামপুর নতুন অফিস জওন্নাকাটা এলাকায় নতুন বাড়ি তুলেছেন। মায়ের সঙ্গে শিশুপুত্র তামিম সোমবার বিকেলে ওই ঘরে যায়।

এসময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে একটি কুয়ার পানিতে পড়ে গেলে খোঁজাখুজির এক পর্যায়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন। শিশুটির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সায়ীদ আলমগীর/বিএ