ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবন দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলীয় জনজীবনের নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি কেবল একটি বন নয়, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উপকূলবাসীর রক্ষাকবচ এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের নিরাপদ আবাসস্থল।

১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আয়োজিত কর্মসূচিতে সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলানটিয়ার হাফিজুর রহমান ও আনিসুর রহমান মিলনের সঞ্চালনায় এবং শিক্ষক-সাংবাদিক রনজিৎ বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।

এসময় আরও বক্তব্য দেন রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা ও রুবিনা পারভীন।

বক্তারা বলেন, বর্তমানে সুন্দরবন নানা সংকটের সম্মুখীন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অবৈধ বন উজাড় ও দখল, বন্যপ্রাণী নিধন, শামুক আহরণ ও বিক্রি, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা, নদী ও খালে দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব।

তারা দাবি জানান, সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি বন ও নদীপথে নিয়মিত মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার, জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনা জোরদার এবং বননির্ভর জেলে ও বাওয়ালিদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করতে হবে।

সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি

বক্তারা আরও বলেন, নদী ও খালে শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন এবং পরিবেশ রক্ষায় যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা।

তাদের বিশ্বাস, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব।

এসময় সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আব্দুল্লাহ আল মামুন, রাহানুল ইসলাম, প্রণব বিশ্বাস, আবু রায়হান, ইমরান হোসেন, নাঈম ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আকরাম হোসেন, সামিরা নুমাইশা, শোহানা আক্তার, রাবেয়া আক্তার, শারমিন আক্তার, নূরনাহার পারভীন, জান্নাত আরা, ফারজানা আক্তার, ফাতেমা খাতুন, রোশনি, নাজমা পারভীন ও ফাহমিদা প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবন বন বিভাগের সহকারী বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

আহসানুর রহমান রাজীব/এমএন/এএসএম