অস্ত্রসহ সন্ত্রাসী সাত্তার আটক
গাজীপুরের কালীগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মাঝিকে (২৩) দুটি দেশীয় পাইপগানসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আটক সাত্তার ওই ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের আব্দুল সালাম মাঝির ছেলে এবং ওই ইউনিয়নের মাদক সম্রাট মাসুমের সহযোগী।
স্থানীয় ইউপি সদস্য পনির জানান, বুধবার রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাত্তারকে আটক করে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে দুপুরে আদালতে পাঠানো হয়।
আব্দুর রহমান আরমান/এএম/এবিএস