ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গৃহকর্মীকে নির্যাতন : কারাগারে গৃহকর্তা

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

চাঁদপুরের ৯ বছরের ছোট্ট শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সর্দারকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তার এই নির্দেশ দেন।

মামলার অপর আসামি ওমর ফারুকের স্ত্রী স্কুল শিক্ষিকা মনি বেগমকে শুক্রবার বিকেল পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আবদুল আজিজ জানান, শিশু জান্নাতকে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন শিশুর প্রতিবেশী শাহজাহান ভুঁইয়া।

বৃহস্পতিবার গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সর্দারকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।

তিনি আরো জানান, মামলার অপর আসামি ওমর ফারুকের স্ত্রী স্কুল শিক্ষিকা মনি বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ওই দুই আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক মাহবুবা আক্তার তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, চাঁদপুরের হাইমচরের ভিঙ্গুলিয়া গ্রামের মিন্টু মাত্তবরের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে (৮) এক বছর আগে মোস্তফা সর্দার তার ভায়রা গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের বাসায় কাজ করতে নিয়ে আসেন। তিনি সিভিল অ্যাভিয়েশনের ট্রলির ড্রাইভার। জান্নাতের মা ফিরোজা বেগম মোস্তফা সর্দারের খালাতো ভাই।

ঈদে বাড়ি যেতে চাওয়ায় এবং জামা কিনে দিতে বলায় ওমর ফারুক ও তার স্ত্রী মনি বেগম মিলে জান্নাতের উপর অমানুষিক নির্যাতন চালায়। বুধবার রাতে মোস্তফা সর্দার অচেতন অবস্থায় জান্নাতকে বাড়ি চাদঁপুরের হাইমচরে নিয়ে গিয়েছিল।  

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

আরও পড়ুন