ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় প্রাইভেট কার খাদে পড়ে নিহত ৫

প্রকাশিত: ০৩:০২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।

রোববার সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের ছিলোনিয়া (ফতেহপুর) ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের বাসিন্দা ও আল আরাফা ব্যাংকে কর্মরত আনোয়ারুল কবির সোহাগ (৪০), তার ছেলে সাহেদ আল মুন্তাকিম শাহীন (৪), তাদের নিকটাত্মীয় ও বার্জার পেইন্টে কর্মরত একই এলাকার বাদশা মিয়ার ছেলে শাহাবুদ্দিন রবি (৪৫), তার মেয়ে রাইকা তাবাসুম (৭), অপর মেয়ে রাইসা মুনতাসির (১২)।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-৩১-৫৫৪১) লাকসামের ছিলোনিয়া ব্রিজের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় পাঁচজন পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া দুর্ঘটনায় নিহত শাহাবুদ্দিন রবির স্ত্রী জান্নাতুম নাঈম (২৯), তার মেয়ে মাহী মুনতাসির (৬) এবং নিহত আনোয়ারুল কবির সোহাগের অন্তঃসত্ত্বা স্ত্রী মারজান বেগম নিশু (৩২) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুর রহমান জানান, লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচ থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও নিহত যাত্রীদের মরদেহ উদ্ধার করে। চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে গেছে।

কামাল উদ্দিন/এসএস/এমএস