ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামুতে ২০টি স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের রামুর পাহাড়ি ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার সংরক্ষিত গভীর বনে অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।

শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা এ অভিযানে ২০টি নতুন-পুরাতন কাঁচাঘর ভেঙে দেয়া হয়। জেলা উত্তর বন বিভাগের মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা ইলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Forest

বন বিভাগ সূত্রে জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় বউঘাটার গভীর বনের সামাজিক বনায়নের গাছ কেটে গত বছর ও চলতি সময়ে দুই ডজনেরও বেশি বাড়ি তৈরি করে স্থানীয় দখলদাররা। নিজেদের উদ্যোগে এসব স্থাপনা সরিয়ে নিতে বার বার তাদের বলা হলে দখলদাররা আজকাল বলে সময়ক্ষেপণ করে।

Forest

এরই মধ্যে নতুন দখলদারের উপস্থিতি বাড়তে থাকায় ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী, সামাজিক বনায়নের উপকারভোগী এবং রামুর ইউএনও নিকারুজ্জামানের সমন্বয়ে থানা পুলিশের সহযোগিতায় বন বিভাগ শনিবার অভিযান শুরু করে। দীর্ঘ আট ঘণ্টার অভিযানে ২০টি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া সম্ভব হয়েছে বলে উল্লেখ করে বন বিভাগ সূত্র।

Forest

বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কেরামত আলী মলিক বলেন, নব্বই দশকের পর থেকে অনেক বনভূমি অবৈধ দখলে চলে গেছে। তা দখলমুক্ত করতে প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ। নতুন কোনো অবৈধ দখলদার দেখলেই সঙ্গে সঙ্গে প্রতিহত করার কার্যক্রম চালানো হচ্ছে। ঈদগড়ের এ অভিযান তারই অংশ। এটি অব্যাহত থাকবে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস