ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে সালিশে গুলিবর্ষণ : শিশুসহ গুলিবিদ্ধ ৩

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজার শহরে সালিশে এক অপরাধীর গুলিবর্ষণে শিশু ও নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইউসূলের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইউসূলের ঘোনার মো. তুষার (১ বছর ৪ মাস), মিনারা বেগম (১ বছর ৪ মাস) ও আসমা হোসনা সোহাগী (২২)। আটক যুবকের নাম মোহাম্মদ ইয়াছিন (২৪)। তিনি একই এলাকার বাসিন্দা।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হওয়া পূর্ব পাহাড়তলী এলাকার মোহাম্মদ ওয়াসিম এক আসামি সম্প্রতি জামিনে বের হয়েছেন। তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার জন্য স্থানীয় কয়েকজন ব্যক্তিকে ওয়াসিম ও তার বাহিনী অভিযুক্ত করে। এ ঘটনায় বিরোধ দেখা দিলে স্থানীয়ভাবে সমাধান করার জন্য শুক্রবার রাতে সালিশ হয়। এক পর্যায়ের ওয়াসিম ও তার লোকজন প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে শিশু ও নারীসহ তিনজন গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইয়াছিন নামে এক যুবককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস