ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় পেট্রল বোমাসহ ৪ শিবিরকর্মী আটক

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

কুমিল্লা সদর দক্ষিণে গোয়েন্দা পুলিশের গাড়িতে পেট্রল বোমা হামলার সময় ৪ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ৬টি পেট্রল বোমা উদ্ধার করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে বুধবার ভোর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার মাদারপুষ্কুরনী গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. আঃ আলী (২২), নালঘর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. আবু ইউছুফ (২৫), জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের মো. ইছহাক মিয়ার ছেলে মো. বোরহান উদ্দিন (২৫), মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার পশ্চিমঘোড়াবই গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. আবু ছুফিয়ান (২০)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল আলম জাগোনিউজকে জানান, মহাসড়কে যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক এর স্কট ডিউটি করাকালীন সময়ে সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর নামকস্থানে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে মহাসড়কের নব-নির্মিত ফোরলেইন রাস্তার পশ্চিম পাশ থেকে ডিবি পুলিশের গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় তাদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা ১৭ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে ৪ জনকে আহত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ৬টি পেট্রল বোমা  উদ্ধার করা হয়। তারা সবাই ছাত্র শিবিরকর্মী। তাদের চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ৬ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, এসআই মো. আদিল মাহমুদ, শাহ কামাল আকন্দ, মো. সহিদুল ইসলাম, এএসআই মো. নজরুল ইসলাম, কনস্টেবল শ্যামল চক্রবর্তী, বাহারুল ইসলাম। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি একেএম মঞ্জুরুল আলম জানান।

এমএএস/আরআই