ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর সচল

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৩ অক্টোবর ২০১৬

একদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে সচল হয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল। ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে রোববার বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল।

সোমবার সকাল থেকে পুণরায় আমদানি-রফতানি চালু হওয়ায় বেনাপোল বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। এর ফলে সকাল থেকে বেনাপোল বন্দর এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ভারতে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার এ পথে কোনো আমদানি-রফতানি হয়নি। সোমবার সকাল থেকে পুনরায় চালু হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমির আহম্মেদ জানান, রোববার দুই দেশের মধ্যে আমদানি-রফতানি হয়নি। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য সচল হয়েছে।

সোমবার বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২৬০টি ভারতীয় ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আর বেনাপোল বন্দর থেকে ১৭০টি ট্রাক পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে গেছে।

জামাল হোসেন/এআরএ/এবিএস