শ্লীলতাহানির দায়ে বাড়ির মালিকসহ ৪ জনের কারাদণ্ড
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে তুচ্ছ ঘটনার জের ধরে এক ভাড়াটিয়া প্রতিবন্ধী যুবককে মারধর ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার মামলায় দুই ভাই এক ছেলেসহ বাড়ির মালিককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদাণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের ১নং বাবুরাইলের বউ বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে নাজমুল মিয়া (৫৫) তার ভাই আফজাল হোসেন (৪৫), মামুন মিয়া (৩৫) ও নাজমুলের ছেলে সান (২৫)।
আদালত সূত্রে জানা যায়, শহরের ১নং বাবুরাইল বউ বাজার এলাকায় নাছিমা বেগম তার সন্তান নিয়ে নাজমুলের বাড়িতে বসবাস করতেন। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাছিমার প্রতিবন্ধী ছেলে আলামিনকে অমানবিকভাবে মারধর করে বাড়ির ফ্লোরে ফেলে রাখে।
সংবাদ পেয়ে ছেলেকে বাঁচানোর জন্য ছুটে আসেন মা। নাজমুলের পায়ে ধরার পরও তাকে না ছেড়ে উল্টো নাছিমাকেও মারধর করেন তিনি। একপর্যায়ে নাজমুলসহ তার দুই ভাই ও এক ছেলে মিলে নাছিমা বেগমের কাপড় চোপড় খুলে শ্লীলতাহানির চেষ্টাসহ পিটিয়ে আহত করে। এ ঘটনায় নাছিমা বেগম বাদী হয়ে নাজমুলসহ চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আসামিদের উপস্থিতিতে আদালত রায় দেন এবং প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন।
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর