ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৮ অক্টোবর ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের দুই দিন পর প্রান্ত সাহা (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শুভ (১৮) ও দীপ্ত সাহা (১৯) নামে দুই যুবককে আটক করা হয়েছে।

নিহত প্রান্ত সাহা উত্তম কুমারের ছেলে ও চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় শুভ নামে এক যুবক প্রান্ত সাহাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে প্রান্ত আর বাড়ি ফেরেনি। পরিবারের স্বজনরা তাকে সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও কোনো খোঁজ পায়নি। পরে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আটাবহ ইউনিয়নের মাথালিয়া গ্রামের একটি ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে প্রান্ত সাহার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানা পুলিশের ডিউটি অফিসার পলি আক্তার জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শুভ ও দীপ্ত সাহা নামে দুজনকে আটক করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর