বিএনপি জঙ্গি উৎপাদনের কারখানা : ইনু
বিএনপিকে জঙ্গি উৎপাদনের কারখানা উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বড় সমস্যা হলো জঙ্গিবাদ। যার পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া। তিনি রাজনীতি করবেন নাকি জঙ্গিবাদ ছড়াবেন তাকে সেটি পরিষ্কার করে বলতে হবে।
শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ‘সুষ্ঠ নির্বাচন করতে হলে সংলাপ করতেই হবে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সকাল-বিকেল সংলাপের কোনো প্রয়োজন নেই। সংলাপ তখনি প্রয়োজন হয় যখন সংকট দেখা দেয়। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন নিয়ে কোনো সংকট নেই।
তথ্যমন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের টুপি মাথায় দিয়ে বারবার যুদ্ধাপরাধী ও হেফাজতি ইসলামের জঙ্গি তাণ্ডবকে সমর্থন করেছেন। এমনকি তিনি জঙ্গি সন্ত্রাসীদের রক্ষা করার জন্য বিবৃতি দিয়েছেন। বারবার প্রমাণ করেছেন তিনি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক।
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল হাসান, পৌর মেয়র এনামুল মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মদ আলীসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক