ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত : আটক ২

প্রকাশিত: ০৪:৪০ এএম, ৩১ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত মেয়ে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ি আলাতুন নেছাকে (৭০) ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এসময় নিহতের মেয়েকেও ছুরিকাঘাত করে জখম করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার গন্ধর্বপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলাতুন নেছা ওই এলাকার রেজাউর রহমানের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, বেশ কয়েক দিন ধরেই মাদকাসক্ত তোফাজ্জল হোসেন শাশুড়ি আলাতুন নেছার কাছে জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। এ নিয়ে শাশুড়ি আলাতুন নেছার সঙ্গে তোফাজ্জল হোসেনের বাকবিতণ্ডাও হয়েছে।

ভোর ৪টার দিকে আলাতুন নেছাকে ছুরিকাঘাত করে তোফাজ্জল হোসেনসহ তার লোকজন। এসময় মাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে মেয়ে মাজেদা বেগমও আহত হন। পরে তাদের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে আতাবুর রহমান ও সানাউর হোসেন সানু নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে, আহত মা-মেয়েকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাতুন নেছাকে মৃত ঘোষণা করেন।

মীর আব্দুল আলীম/এফএ/এমএস