ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় বদি সমর্থকদের সড়ক অবরোধ বিক্ষোভ

প্রকাশিত: ১১:৫৮ এএম, ০২ নভেম্বর ২০১৬

দুদকের দায়ের করা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়।

এ খবর তার নির্বাচনী এলাকায় পৌঁছার পর বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করেছে এমপি বদির সমর্থকরা। এর আগে বুধবার সকাল থেকে এমপির নির্বাচনী এলাকা উখিয়া-টেকনাফের বিভিন্ন মসজিদ মাদরাসা, মন্দিরে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করে তার কাছ থেকে সুবিধাভোগীরা।  

কিন্তু এত প্রার্থনার পরও সংসদ সদস্যের জেল-জরিমানার খবরে বদিপ্রেমীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। উখিয়া-টেকনাফ সড়ক অবরোধ করেন স্থানীয় নেতাকমীরা। কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া ফলিয়াপাড়া ব্রিজের ওপর কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে নেতাকর্মীরা বেলা দেড়টা থেকে অবরোধ শুরু করে।

এ সময় বদির পক্ষে বিভিন্ন স্লোগান দেয় অবরোধকারীরা। এতে কক্সবাজার-টেকনাফ সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়েছে।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. কায় কিসলু ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরাতে নানা চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। উল্টো পুলিশের সামনেই তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন অবরোধকারীদের সঙ্গে কথা বলে আদালতের প্রতি সম্মান দেখানোর কথা বুঝাতে সক্ষম হলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।
 
এ ব্যাপারে উখিয়া আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী বলেন, পরীক্ষার কারণে আমরা তাৎক্ষণিক কোনো প্রতিবাদ করিনি। আবদুর রহমান বদি উখিয়া টেকনাফের গণমানুষের প্রিয়মুখ। তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে।

Ukhiya

বেলা ১টার দিকে উখিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উখিয়া সদর প্রদক্ষিণ করে একরাম মার্কেট চত্বরে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোছাইন মিথুন প্রমুখ।

বক্তারা বলেন, সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিকভাবে এমপি বদিকে সাজা দিয়ে উখিয়া-টেকনাফের মানুষকে হেয় করা হয়েছে। বক্তারা এমপি বদির নি:শর্ত মুক্তি দাবি করেন।

উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্ভাব্য সকল স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উখিয়াতে এসব ঘটনা ঘটলও এমপি বদির নিজ উপজেলা টেকনাফে রায়ের পক্ষে বিপক্ষে কোন সভা সমাবেশ করা হয়নি। বেলা ১২টার দিকে এমপি বদি সমর্থক গোষ্টি নামে ১০-১২ জনের একদল লোক বদির পক্ষে স্লোগান দিয়ে রাস্তায় বের হলেও মুহূর্তে হারিয়ে যায়।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, রায় ঘোষণার পর টেকনাফের কোথাও কোন সভা-সমাবেশ বা বিক্ষোভ কিছুই হয়নি।

উল্লেখ্য, এমপি বদির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনেরে দায়ে গত ২০১৫ সালে দুদকের দায়ের করা মামলায় বুধবার সকালে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তাকে তিন বছরের সাজার রায় ঘোষণা করেন।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

আরও পড়ুন