ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জ্বালানি সংকটে সিলেটের শাহজালাল সার কারখানায় উৎপাদন বন্ধ

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ১২:৪৭ এএম, ০৬ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটের কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক মাসের জন্য প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার (৩ এপ্রিল) থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আর বিস্তারিত তথ্য বলতে রাজি হননি।

জানা গেছে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ তিনটি প্রতিষ্ঠানে আগামী ৩ মাস (এপ্রিল-জুন) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন
সিন্ডিকেটের দখলে পেট্রোল পাম্প, রাতে চলে ‘সিরিয়াল’ কেনাবেচা 
সোমবার ইরানের সঙ্গে শান্তি চুক্তি হতে পারে: ট্রাম্প 

সেই সিদ্ধান্তের আলোকে গত শুক্রবার থেকে ফেঞ্চুগঞ্জের সার কারখানাটি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একই সভায় এপ্রিল মাসে ঘোড়াশালের পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ চালু রাখতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও পেট্রোবাংলাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই রেশনিংয়ের আওতায় থাকা আরেক প্রতিষ্ঠান হলো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চয়তা বিবেচনায় দেশের সার উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে গ্যাস সরবরাহ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আহমেদ জামিল/কেএসআর