হাতকড়াসহ পালালো ডাকাতি মামলার আসামি
নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে ডাকাতি মামলায় গ্রেফতার আসামি মনির হোসেন (৪০) হাতকড়াসহ পালিয়ে গেছে। এ ঘটনায় আদালতপাড়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করে আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে খোঁজখবর নেন এবং জেলার বিভিন্ন পয়েন্টে যানবাহনে পুলিশকে চেক করার নির্দেশ দেন।
রোববার দুপুরে একটি ডাকাতি মামলার রিমান্ড শুনানি শেষে তাকে আদালতের গারদখানায় নেয়ার পথে কৌশলে আসামি মনির পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মনির হোসেন কুষ্টিয়া জেলার আদর্শনগর গ্রামের সামসুদ্দিন মিয়ার ছেলে। মনিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আদালতের পুলিশের একটি সূত্র জানান, আসামি মনির হোসেনের নিরাপত্তায় ছিলেন বোরহানউদ্দিন ও আজম আলী নামে দুজন কনস্টেবল। তাদের গাফলতির কারণে আসামি পালিয়ে যান।
কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার দুপুর ১২টায় ফতুল্লার একটি ডাকাতি মামলায় মনির হোসেনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে মনির হোসেনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন না মঞ্জুর করেন।
এরপর দুজন কনস্টেবল বোরহান উদ্দিন ও কনস্টেবল আজম আলী আসামিকে নিয়ে কোর্ট হাজতে যাওয়ার পথে হ্যান্ডকাপ পরা অবস্থায় কৌশলে পালিয়ে যায়। বিষয়টি খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম।
মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস