পরকীয়ার কারণে স্ত্রীকে গলাটিপে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরে স্ত্রীকে গলাটিপে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী মো. জীবন (২৯) (২৯)। পূর্বপরিকল্পিতভাবে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলাটিপে হত্যা করা হয়েছে বলেও আদালতকে জানান তিনি।
সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আসামির এ জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে সকালে জীবনকে টাঙ্গাইল জেলার সখীপুর এলাকা থেকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
জবানবন্দিতে জীবন আদালতকে জানান, তার স্ত্রীর পরকীয়ার কারণে প্রতিনিয়ত তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। স্ত্রীর পরকীয়ায় বাধা দিয়ে তাকে ধমক ও মারধর করলে সেও জীবনকে মারধর করতো। তাই পরিকল্পনা করে জীবন তার স্ত্রী অঞ্জনাকে ঘুমন্ত অবস্থায় গলাটিপে হত্যা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান তালুকদার জানান, জবানবন্দিতে আসামি খুনের সত্যতা স্বীকার করেছেন। জীবন তার স্ত্রীকে হত্যা করছেন তার বিস্তারিত জবানবন্দিতে রেকর্ড করা হয়।
তিনি আরো জানান, চলতি বছরের ২১ জানুয়ারি রাতে স্ত্রী অঞ্জনাকে হত্যা করেন তার স্বামী জীবন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় দায়ের করা মামলাটি ১১ মাস পর মামলার অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। পরে আসামিকে উন্নত প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় এবং আসামি হত্যার দায় স্বীকার করেন।
মো: শাহাদাত হোসেন/এএম/পিআর