টিউবওয়েলের পাইপ থেকে অবিরত বের হচ্ছে গ্যাস
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার খামারগাঁও গ্রামে একটি টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে থাকে। এ ঘটনায় দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছে। এদিকে গ্যাসকূপ আবিষ্কারের আশায় প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে প্রত্যন্ত ওই এলাকাটিতে।
জানা যায়, জেলার গ্যাস ক্ষেত্রসমৃদ্ধ মুরাদনগরে বাখরাবাদ, শ্রীকাইল ও বাঙ্গরা গ্যাসক্ষেত্র রয়েছে। এসব গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হয়ে আসছে। এরই মধ্যে বাঙ্গরা ইউনিয়নের খামারগাঁও গ্রামের প্রবাসী বাহাদুর মিয়ার বাড়িতে সোমবার সকালে চার শ্রমিক টিউবওয়েল বসানোর কাজ শুরু করেন। পাইপ মাটির নিচে যাওয়ার পর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে অনবরত গ্যাস উদগিরণ হতে থাকে।
এ বিস্ফোরণে তিনটি গাছের ডাল ভেঙে ছিটকে গিয়ে পার্শ্ববর্তী ঘরের টিনের চালে পড়ে ঘরের ক্ষতি হয় এবং ওই বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
বাড়ির মালিক প্রবাসী বাহাদুর মিয়ার স্ত্রী শাকিলা ইয়াসমীন বলেন, পাইপ স্থাপনের সময় হঠাৎ বিস্ফোরণে আশপাশের গাছ ও পাইপ টিনের চালে ছিটকে পড়ে। এ সময় ভয়ে আমরা সবাই ছোটাছুটি করে দূরে চলে যাই।
বাঙ্গরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থে ওই স্থানটি চিহ্নিত করে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের জানান, টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার বিষয়টি বাড়ির মালিক বাহাদুরের স্ত্রী শাকিলা ইয়াসমীন আমাকে লিখিতভাবে জানালে -এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের উপ-মহাব্যবস্থাপককে জানায়। পরে তার নেতৃত্বে একটি দল ওই স্থানটি পরিদর্শন করেছে। এ স্থানে গ্যাসকূপ পাওয়া যেতে পারে বলে স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসীর ধারণা।
কামাল উদ্দিন/এফএ/পিআর