ফতুল্লায় আ.লীগ অফিসে ভাঙচুর : রিমান্ড শেষে সুরুজ কারাগারে
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্ধর্ষ ছিনতাইকারী ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইসহ ১১ মামলার আসামি গ্রেফতার সুরুজ বেপারিকে আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার জন্য আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মিজানুর রহমান।
বুধবার ছিনতাইকারী সুরুজ বেপারিকে রিমান্ড শেষে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত থেকে সুরুজ বেপারিকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান-২ বলেন, সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় ফতুল্লার আলোচিত ছিনতাইকারী সুরুজ বেপারিকে ৫ নভেম্বর সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, হত্যাসহ ১১টি মামলা রয়েছে। সুরুজ বেপারি (৪৩) সাইনবোর্ড এলাকার আব্দুর রব বেপারির ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৩ আগস্ট ফতুল্লার মাহমুদপুর এলাকায় লিংক রোডে উৎসব পরিবহনের বাস থামিয়ে যাত্রী স্বর্ণ ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় গ্রেফতার অন্যান্য আসামির দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে সুরুজ বেপারির নাম উঠে আসে। ওই বছরের ২৫ আগস্ট সুরুজ বেপারিকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে বের হয়ে ফের ছিনতাইয়ে তৎপর হয়ে ওঠে। পাগলার দুর্ধর্ষ সন্ত্রাসী কিলার মোক্তার ও ডেমরার কিলার পেটকাটা শামীম বাহিনীর অন্যতম সমস্য সুরুজ বেপারি।
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি