ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিত করা হবে

প্রকাশিত: ০৩:২০ পিএম, ১০ নভেম্বর ২০১৬

নবগঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে (কউক) ফুলের কলির সঙ্গে তুলনা করে চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহম্মদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছেন। এই ফুলের কলিকে যথাযথভাবে ফোটাতে সবার সহযোগিতা দরকার। একটি মহাপরিকল্পনা গ্রহণ করে পরিকল্পিতভাবে এগোতে পারলেই কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কউকের প্রথম বোর্ড সভা শেষে প্রেস ব্রিফিংয়ে কর্তৃপক্ষের চেয়ারম্যান এসব কথা বলেন।

চেয়ারম্যান জানান, কর্তৃপক্ষের আইনানুসারে প্রথম সভায় প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম নির্ধারণে জোর দেয়া হয়েছে। সকল সদস্যের ইচ্ছা স্বচ্ছভাবে পরিকল্পিত ও নন্দিত কক্সবাজার বিনির্মাণ। এ জন্য একটি সুদৃঢ় পরিকল্পনা দরকার। পরিকল্পনা মতে এগিয়ে নিতে হলে দরকার জনবল ও অর্থ। এই আলোকে এটি সাজানো হবে।   

উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের আগে ২০১১ সালে কক্সবাজারকে নিয়ে জেলা প্রশাসনের তৈরি মহাপরিকল্পনার ব্যাপারে কী হবে জানতে চাইলে কউক চেয়ারম্যান বলেন, ওই পরিকল্পনা পর্যালোচনার পর যুগোপযোগী করে প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হবে।  

বিএমএ ভবনে কউকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টায় শুরু হওয়া সভা বিকাল ৩টায় শেষ হয়।

সভায় আরো জানানো হয়, কক্সবাজার শহর, মহেশখালী, টেকনাফ, সেন্টমার্টিন, চকরিয়ার বঙ্গবন্ধু সাফারিপার্কসহ পর্যটন সম্ভাবনাময় সকল এলাকা কউকের আওতাধীন। এটি তরান্বিত করতে কউকের সহযোগী হিসেবে জেলা প্রশাসন, পৌরসভা ও অন্য প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শুক্কুর আলী, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব শোয়াইব আহমদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান ভূঞা, কউক’র সদস্য প্রকৌশলী বদিউল আলম, কউক সচিব মো. আবদুস সোবহানসহ কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/পিআর