ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রিকেট ব্যাট দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১১:২৭ এএম, ১৪ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়ায় বাড়ির সামনে থেকে তুলে নিয়ে সুজন মিয়া (১৫) নামের এক কিশোরকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ সময় সুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে জখম করা হয়।

সোমবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যায়। নিহত সুজন শহরের ঋষিপট্টি এলাকার সিরাজ মিয়ার ছেলে। সে শহরের নিতাইগঞ্জে পাটের পুরাতন ছালা মেরামতের কাজ করতো।

সুজনের বড় বোন অভিযোগ করে বলেন, নলুয়াপাড়ায় রাস্তা থেকে তুলে নিয়ে তাকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, নিহতের বড় বোন আখি আক্তার শহরের নলুয়াপাড়া এলাকাতে ভাড়া থাকেন। তার বাড়িতে রোববার রাতে কাজ শেষে বেড়াতে আসে সুজন। রাত ১২টার দিকে স্থানীয় ডেনিম মিয়ার ছেলে সানি মিয়া তাকে রাস্তা থেকে ডেকে নিয়ে পাশের বালুরমাঠে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মারধর করে। এ সময় তার পেটে, হাতে ও পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়।

রোববার রাতে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের লোকজন জানিয়েছে সুজনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনগত সুবিধা দেয়া হবে। কেন তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। ছুরি ও ব্যাটসহ রক্তমাখা টি শার্ট উদ্ধার করা হয়েছে। মরদেহ এখনো ঢাকা মেডিকেলে রয়েছে বলে জানান ওসি।

মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস