ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে দু’গ্রুপের গোলাগুলিতে সৈনিকলীগ নেতা নিহত

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সৈনিকলীগের সভাপতি তারা মিয়া (৩৮) নিহত হন।

সোমবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মঙ্গলখালী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তারা মিয়া মুড়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি তারা মিয়ার লোকজনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আইবুর মিয়ার লোকজনের বিরোধ চলছিল।

এর জেরে সোমবার দুপুরে আইবুর মিয়াসহ তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তারা মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং হামলা চালায়। এ সময় তারা মিয়াসহ তার লোকজন পাল্টা হামলা চালায়।

একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের তারা মিয়া, নয়ন মিয়া, সুমন, হোসেন মিয়া, সুরুজ মিয়া, আকাশ, পাপ্পু, খোকন, আনোয়ার হোসেন, ফাতেমা, মাসুদা বেগম, পলি আক্তার, আফসানা আক্তার, রাহিমা বেগমসহ অন্তত ২০ জন আহত হয়।

এদের মধ্যে তারা মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মীর আব্দুল আলীম/এএম/এবিএস