ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবন রক্ষার সমাবেশে হামলার অভিযোগ

প্রকাশিত: ০৩:১১ পিএম, ২০ নভেম্বর ২০১৬

গাজীপুরে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মহাসমাবেশে হামলা ও বাধা দেয়া হয়েছে বলে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুরে গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে এ সমাবেশের পক্ষে প্রচারণা চালাচ্ছিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।

এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গাজীপুর জেলা শাখার সদস্য সচিব আব্দুল কাইয়ুম।

তিনি জানান, ২৬ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশি সকল অপতৎপরতা বন্ধের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

ওই মহাসমাবেশের প্রচারণাকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বাসদ গাজীপুর জেলা শাখার সমন্বয়ক রাহাত আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ভাওয়াল কলেজ শাখার আহ্বায়ক আল আমিন শ্রবণসহ নেতা-কর্মীদের উপর বাংলাদেশ ছাত্রলীগের ভাওয়াল কলেজের সভাপতি-সাধারণ সম্পাদক নেতৃত্বে হামলা করা হয়।

এই ঘটনায় খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক লিয়াকত চৌধুরী ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম তীব্র নিন্দা প্রকাশ করে দোষীদের বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে ছাত্রলীগের ভাওয়াল কলেজ শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভ জানান, ভাওয়াল কলেজে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। তবে তিনি জানতে পেরেছেন একটি সংগঠন ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেছে।

মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর