ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিক নির্বাচন : বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৩ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপি তারকা নেতারা উপস্থিত থাকলেও জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকারকে দেখা যায়নি।

বুধবার দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিস থেকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপির মেয়র প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহের সময় বলেন, রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে আবেদন করা হয়েছে। নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং তৈরি হয়নি। বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ভয় দেখাতে পারে। তাই শিগগিরই যেন এসব অস্ত্র উদ্ধার করা হয়। আর নির্বাচন সুষ্ঠু করতে হলে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

তিনি আরো জানান, বিএনপি ঐক্যবদ্ধ আছে থাকবে। মনোনয়ন সংগ্রহের সময় আমার সঙ্গে দুজন সাবেক এমপি উপস্থিত ছিলেন। আগামীকাল জমা দেয়ার সময় অন্য নেতারা থাকবেন।

শাহাদাত হোসেন/এফএ/পিআর