ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল দিয়ে দেশে ফিরলো শিশুসহ ৫ নারী

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া শিশুসহ ৫ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে।

তারা হচ্ছে, কক্সবাজারের রোকেয়া খাতুন (২৩), তার শিশু পুত্র জুয়েল (১), রাজিনা আক্তার (২৪), নড়াইলের লোহাগড়ার ডালিম বেগম (৪০), খুলনার তেরখাদার রাফিজা (২৩) ও সাতক্ষীরার কালিগঞ্জের সুফিয়া খাতুন (৩৪)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, ফেরত আসা নারীরা দালালের খপ্পরে পড়ে সীমান্তের বিভিন্ন পথে অবৈধভাবে ভারতে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে ধরা পড়ে।

পরে তাদের আদালতের মাধ্যমে লিলুয়া শেল্টার হোমে আশ্রয় নেয়। দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি চালাচালির একপর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশ ফেরত আনা হয়। ফেরত আসা বাংলাদেশিদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য যশোর মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে। এরা ভারতে এক থেকে তিন বছর কারাভোগ করেন বলেও তিনি জানান।

যশের মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী এবিএম আব্দুল মুহিত বলেন, ফেরত আসা ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে যশোর কার্যালয়ে নেয়া হবে। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি