ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর নামক স্থানে একটি মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
শনিবার বিকেল পৌঁনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মো. মোস্তাক মিয়া জাগোনিউজকে জানান, বিকেলে ভাদুঘর হুজুরবাড়ি সংলগ্ন রাস্তায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে অপর একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে আসার পর দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএ/পিআর/আরআই