ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে উঁচু টাওয়ারে উঠে যুবকের কাণ্ড

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

গাজীপুরে গ্রামীণফোনের প্রায় ৬৮ মিটার উঁচু একটি টাওয়ারের চূড়ায় ওঠা যুবককে সোয়া ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে জয়দেবপুর জংশন সংলগ্ন গ্রামীণফোনের টাওয়ারে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধার করে রেল পুলিশে হস্তান্তর করেছে। যুবকের নাম মো. তুখরেজুল ইসলাম (১৮)। সে রাজশাহীর পুঠিয়া থানার জামিরা গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

গ্রামীণফোন টাওয়ারের নিরাপত্তা কর্মী পলাশ জানান, তাদের নজর এড়িয়ে টাওয়ারের বাউন্ডারি দেয়াল টপকে সিঁড়ি বেয়ে টাওয়ারে উঠতে থাকে। বেশ খানিকটা উঠলে দুপুর ১২টার দিকে তার নজরে আসে। এ সময় তাকে নামতে বললে এবং পিছু নিলে সে আরো দ্রুতগতিতে টাওয়ারের চূড়ায় ওঠে। ওঠার সময় সে টাওয়ারের কিছু তার কেটে ফেলে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলা পৌনে ২টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় উৎসুক জনতা স্টেশন এলাকায় ভিড় জমায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি গ্রামীণফোনের কর্মীরাও উদ্ধারে কাজ করেছেন। গ্রামীণফোনের এক লোককে (নাম জানা যায় নি) টাওয়ারের চূড়ায় পাঠানো হয়। পরে ওই যুবক তার কাছে খাবার ও সিগারেট চায়।

খাবার ও সিগারেট পাঠানো হয়। খাওয়া হলেও নামানো যাচ্ছিল না তাকে। পরে বিকেল সোয়া ৩টার দিকে তাকে উদ্ধার করে জংশন পুলিশে হস্তান্তর করা হয়েছে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি মানসিক বিকারগ্রস্ত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আমিনুল ইসলাম/ এমএএস