ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজিবির হাতে অস্ত্রসহ আটক পুলিশ সদস্যকে হস্তান্তর

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

কুমিল্লা সীমান্তে অস্ত্র ও ওয়াকিটকিসহ বিজিবির হাতে আটক পুলিশ সদস্য রাজিদুল হাসানকে বৃহস্পতিবার সদর দক্ষিণ মডেল থানা থেকে তার কর্মস্থল ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। ওই পুলিশ সদস্যের অপর দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের একবালিয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী আন্তর্জাতিক সীমানা পিলার (নং- ২০৮৮) এলাকা থেকে বুধবার দুপুরে বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের একটি দল তাদের আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে রাজিদুল হাসান নিজেকে ঢাকার আরআরএফ পুলিশের সদস্য (কনস্টেবল) বলে জানায়। বিজিবি সদস্যরা তার শরীরে তল্লাশি করে একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন ও একটি ওয়াকিটকি উদ্ধার করে। বিজিবির হাতে আটক অপর দুই জন হচ্ছেন- কনস্টেবলের খালাতো ভাই দেলোয়ার হোসেন রানা ও সহযোগী জাফর আহমেদ। আটককৃতদের বুধবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করে বিজিবি।

কুমিল্লা কোটবাড়িস্থ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান সাংবাদিকদের জানান, এটি দাফতরিক বিষয়, পত্রিকায় প্রকাশের কোনো বিষয় নয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ওই পুলিশ কনস্টেবল ঢাকায় যে ইউনিটে কর্মরত ছিলেন ওই ইউনিটের কর্মকর্তা এসে বিকালে ঢাকায় নিয়ে গেছেন। বিজিবি বাদী হয়ে অপর দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

মো. কামাল উদ্দিন/আরএআর/পিআর