ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেন্টমার্টিনে ৩০ কোটি টাকার ইয়াবা জব্দ : আটক ৪

প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারের সেন্টমার্টিনে ৬ লাখ পিচ ইয়াবাসহ চার মাঝি-মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরে পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা বলে জানা গেছে।

আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে বাবুল মিয়া (৩৫), একই গ্রামের মো. সিরাজের ছেলে মো. জমির (৩২), হোসেন আহমদের ছেলে মো. ইদ্রিস (৩২) ও সলিম উল্ল­াহর ছেলে মো. জুবাইর (৩১)।

বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান জানান, সমুদ্রপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের সদস্যরা অভিযানে নামেন।

সাগরে চলমান একটি ট্রলারকে সন্দেহ হলে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে গতি আরো বাড়িয়ে চলে যেতে চাইলে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় পালিয়ে যাবারকালে পাচারকারী দলের চার সদস্যকে আটক করা হয়। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, একই দিন এর আগে কোস্টগার্ডের ওই বিশেষ টিম সেন্টমার্টিনের দক্ষিণপাড়া সংলগ্ন পশ্চিম সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা উদ্ধার করে। ওই বস্তা থেকে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হননি।

ট্রলার ও ৫০ হাজার ইয়াবাসহ আটক চারজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে সোপর্দ করা হবে এবং পরিত্যক্ত উদ্ধার সাড়ে ৫ লাখ পিস ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হবে। উভয় অভিযানে জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

এদিকে টেকনাফ সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় জেলের বেশে সমুদ্রপথে ইয়াবার চালান পাচার করছে ইয়াবা ব্যবসায়ীরা। গত শুক্রবার ভোরে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র থেকে দেড় লাখ ইয়াবাসহ ১৫ জন (জেলে বেশ ধারণ করা) ইয়াবা পাচারকারীকে আটক করেছিল কোস্টগার্ড।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস