ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

প্রকাশিত: ০৬:০৫ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

যশোরে কথিত গোলাগুলিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তির পর রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ (৩০) যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আবদুল লতিফের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, শনিবার মধ্যরাতে শহরের টিবি ক্লিনিক এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দু’দল সন্ত্রাসীর গোলাগুলিতে ইউসুফ গুলিবিদ্ধ হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক শামীমা তার মৃত্যু নিশ্চিত করেন।

ওসি আরও জানান, নিহত ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৫টি মামলা রয়েছে। সম্প্রতি ঘোপ এলাকা থেকে একটি ওষুধ কোম্পানির কর্মীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত এই ইউসুফ।

তবে ইউসুফের ভাই ওমর শরীফ রাজা দাবি করেছেন, গত ৯ ডিসেম্বর রাতে পুলিশ চাঁচড়া এলাকা থেকে তার ভাই ইউসুফকে আটক করে। এরপর তাকে ছেড়ে দেয়ার জন্য প্রথমে ৫ লাখ ও পরে ৩ লাখ টাকা ঘুষ দাবি করে এক এসআই। টাকা দিতে রাজী না হওয়ায় পুলিশ তাকে গুলি করেছে। রাজা নিজেও পুলিশের হুমকিতে জীবনাশঙ্কায় রয়েছেন বলে দাবি করেন।

মিলন রহমান/এফএ/এমএস