ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত

প্রকাশিত: ১২:০১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তুসুকা পোশাক কারখানার সামনে ট্রাকের ধাক্কায় শ্রী তপন মন্ডল (৩৭) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন।

সোমবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী তপন মন্ডল গাজীপুর সিটি কর্পোরেশন সমরসিংহ এলাকার সূর্য মহন মন্ডলের ছেলে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী ছিলেন।

সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের দাফতরিক কাজে আমবাগ আঞ্চলিক শাখায় যাচ্ছিলেন তিনি।

কোনাবাড়ি তুসুকা কারখানার সামনে পৌঁছালে গাজীপুর থেকে আসা একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রী তপন মন্ডলের মৃত্যু হয়।

পরে তার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি