ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩ স্বর্ণসহ ১০ পদক পেয়ে সেরা কক্সবাজার

প্রকাশিত: ১১:৩২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬

জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় ৩টি স্বর্ণসহ ১০টি পদক পেয়ে সারা দেশে ১ম স্থান অর্জন করেছে কক্সবাজার জেলা। ১১ থেকে ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত ১৪তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় এ সফলতা অর্জন করে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ১৩ জনের দল।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু জানান, প্রথম বারের মতো কক্সবাজার তায়কোয়ানডো দল অভাবনীয় সফলতা দেখিয়েছে। এতে ৩টি স্বর্ণ ৪টি রৌপ্য এবং ৩টি সিলভার পদক পেয়ে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে আমাদের দল।

এতে পুমসে ইভেন্টে লিয়াকত আলী, নাহিদুল হুদা অভি, ফাইটে ৩৫ কেজি ওজনে আসমাউল হুসনা হ্যাপী একটি করে স্বর্ণ জিতে।

এ ছাড়া পুমসে দৈততে উম্মে সালমা, শাওরিন রহমান সিগ্ধা একটি করে রৌপ্য এবং ফাইটে ও পুমসে ইভেন্টে আকতারুজ্জামান লিমন ২টি রৌপ্য পদক জিতে নেয়। একই সঙ্গে পুমসে একক ফাইটে মো. ওমর ফারুক রিপন, ফাইটে নওরীন হুদা অমি, সিনিয়র মহিলা ফাইটে নুসরাত জাহান একটি করে সিলভার পদক পায়।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও তায়কোয়ারডো পরিষদের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আমরা তৃনমূল পর্যায় থেকে বাছাই করে সম্ভবনাময় তায়কোয়ানডো খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি। তারাও খুবই আন্তরিকতায় সঙ্গে নিয়মিত এসে প্রশিক্ষণ নিয়েছে।

তারই ফলশ্রুতিতে আজকের এ সফলতা। আমরা টিমের সঙ্গে ঢাকা পর্যন্ত গিয়ে তাদের উৎসাহিত করেছি। কোচের দায়িত্বে ছিলেন মো. আবদুল্লাহ এবং টিম ম্যানেজার রৌশন আক্তার।

ডিএসএ সদস্য ও ফুটবল সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু বলেন, পুরো টিমের মধ্যে একটা কিছু করে দেখানোর তাড়না ছিল। তারা কক্সবাজারের সম্মানের জন্য খুবই ভালো করে খেলেছে। তাই আজকের এ গৌরবময় অর্জন। তাদের ধরে রাখা গেলে আরও বড় অর্জন আসবে বলে মনে করি।

এদিকে তায়কোয়ানডো প্রতিযোগিতায় দেশ সেরা হওয়া কক্সবাজার দলকে অভিনন্দন জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।

সায়ীদ আলমগীর/এএম/পিআর