ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বন প্রহরীদের ওপর অবৈধ দখলদারদের হামলা

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পার্কিং জোনে অবৈধ দখলদার ও দোকানদারদের হামলার শিকার হয়েছেন পার্কের বন প্রহরীরা।

শনিবার সকালে দুই দফা হামলার ঘটনা ঘটার পর বন প্রহরীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে কেউ হতাহত হয়নি।

পার্কের বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, সাফারি পার্কের বাইরে মূল গেটের সামনে পার্কিং জোনে স্থানীয় বহিরাগত কিছু লোক অবৈধভাবে অস্থায়ী দোকানপাট স্থাপন করে। সকাল ৭টার দিকে পার্কের বন প্রহরীরা দোকান উচ্ছেদ করতে যায়।

এ সময় পার্কিং জোনের দখলদার সিরাজ, বাবুল এবং তাদের সহযোগীদের সঙ্গে বন প্রহরীদের বাকবিতণ্ডা হয়। এ সময় দখলদার ও বহিরাগত হামলাকারী সিরাজ, বাবুল তাদের নারী সহযোগীদের সঙ্গে নিয়ে বন প্রহরীদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তারা টেনে হিঁচড়ে একজনের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। এ সময় পরিস্থিতি সামাল দিতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

অভিযুক্ত সিরাজুল ইসলাম সাংবাদিকেদের জানান, পার্কিংয়ের জায়গায় তারা কোনো দোকানপাট করেনি। পার্কের ইজারাদারদের কাছ থেকে তারা গাড়ি পার্কিংয়ের জায়গা সাব-ইজারা নিয়েছেন।

এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে দোকানপাট সরাতে গিয়ে বহিরাগতদের সঙ্গে বন প্রহরীদের এ ঘটনা ঘটে। শনিবার সন্ধা পর্যন্ত থানায় মামলা হয়নি।

মো. আমিনুল ইসলাম/এএম