ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাখাইনে গুলিবিদ্ধ শাহ আলম মারা গেছেন

প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর গুলিতে আহত শাহ আলম (৪৫) কক্সবাজারের টেকনাফে মারা গেছেন। স্বজনরা গোপনে চিকিৎসার জন্য টেকনাফে নিয়ে এলেও তাকে বাঁচানো গেল না। সোমবার সকালে তিনি টেকনাফের রোহিঙ্গা লেদা ক্যাম্পে মারা যান।
 
শাহ আলম রাখাইনের মংডুর মাঙ্গালা গ্রামের বাসিন্দা সৈয়দুল আমিনের ছেলে। রোববার সন্ধ্যায় ওই গ্রামে দেশটির সেনাবাহিনীর নির্বিচার গুলিতে তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন।
 
নিহতের স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় মিয়ানমার সেনাবাহিনী মংডুর মাঙ্গালা গ্রামে হানা দেয়। এসময় তারা নির্বিচারে গুলি করতে থাকে। সেনাবাহিনীর ভয়ে শাহ আলম পালিয়ে যাওয়ার পথে তাকেও গুলি করা হয়। এতে তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে একটি ফসলের মাঠে পরে থাকেন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে কিছু প্রাথমিক চিকিৎসা করেন।
 
এরপর সোমবার ভোর রাত ৪টার দিকে তার খালাতো বোন ফাতেমা মাঙ্গালা গ্রামের আরও দুই সহযোগীকে নিয়ে গোপনে নৌকায় করে নাফ নদীর টমটমিয়া সীমান্ত দিয়ে রোহিঙ্গা লেদা ক্যাম্পের ‘এ’ ব্লকের শাহ আলমের বোন রমিদার কক্ষে নিয়ে আসেন। এখানে আনার কিছুক্ষণ পর শাহ আলম মারা যান।

আরএআর/আরআইপি