ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকসই উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষমন্ত্রী

প্রকাশিত: ১০:৫০ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন জ্ঞান সৃষ্টি ও প্রযুক্তি উদ্ভাবন করে আমরা নিজেদের সমস্যা সমাধানের পাশাপাশি তা বিদেশেও রফতানি করতে চাই। বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজ। তাই বৈশ্বিক সমস্যা বিবেচনায় এনে আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজারে সায়মন বিচ রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ব্যবসা, পরিবেশ এবং জনগণের মধ্যে সফল থেকে সফলতর পরিস্থিতি সৃষ্টি করতে হবে। সৃষ্টিশীল উদ্ভাবনের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়তে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ ও গতিশীল নেতৃত্বে রূপকল্প-২০২১ অনুযায়ী মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের সফল মিশন চলছে। পদ্মা সেতুর মত অনেক বড় বড় প্রজেক্ট এখন নিজস্ব অর্থায়নে এবং দেশের সিভিল ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ততার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, জ্বালানি ইস্যু, জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত নগরায়নসহ অনেক সমস্যা বিরাজমান। বৈশ্বিক উষ্ণতাজনিত বিপদ আমরা এড়াতে পারি না। আমাদের নবায়নযোগ্য জ্বালানিকে আর্থিকভাবে আরো সাশ্রয়ী করতে হবে। এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে।

চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর সভাপতি প্রকৌশলী মো. কবির আহমদ ভূঞা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বম্বে-এর অধ্যাপক ড. দীপঙ্কর চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সেক্রেটারি ও চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছাম্মত ফারাজানা রহমান জুথী।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি