ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গাদের ৩৪ নৌকা ফেরত

প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত হয়ে টেকনাফের নাফ নদীর জলসীমা পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৪টি নৌকায় করে আসা অর্ধসহস্রাধিক রোহিঙ্গা মুসলমানকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ওইসব নৌকা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় তাদের প্রতিহত করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করে জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের কিছু দল ৩৪টি নৌকায় করে তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।

এসময় নাফ নদীর হোয়াইক্যাং, হ্নীলা ও টেকনাফ পয়েন্টের সীমান্তের শূন্যরেখা থেকে ওইসব নৌকা মিয়ানমারে দিকে ফেরত পাঠায় টহলরত বিজিবি সদস্যরা।

তিনি আরো বলেন, এসব নৌকায় প্রায় অর্ধসহস্রাধিক রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল।

উলে­খ্য, গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের হামলায় মিয়ানমার পুলিশ বাহিনীর ৯ সদস্য নিহত হন। এরপর থেকে ওই রাজ্যে মুসলমান বিরোধী অভিযানে নামে দেশটি সেনাবাহিনী।

নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। অনেকেই এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়া অনেককে ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম