ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে হিজবুত তাহরীরের ৮ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের যশোরের আঞ্চলিক কামান্ডার তানজিব আহম্মেদ ওরফে আশরাফুলসহ ৮ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।

সন্ত্রাস বিরোধী আইনের দায়েরকৃত মামলায় সোমবার এ চার্জশিট দেয়া হয়েছে।

এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় শহরের ধর্মতলা এলাকার আব্দুস সালাম নামে এক আসামির অব্যহতির আবেদন করা হয়েছে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন, শহরের পুরাতন কসবার শহীদ মশিয়ূর রহমান সড়কের মিশর প্রবাসী আব্দুল আজিজের ছেলে হিযবুত তাহরীর আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদ ওরফে আশরাফুল, একই পরিবারের মোছাম্মাৎ মাছুমা আক্তার, মোছাম্মাৎ মাকছুদা খাতুন, ধর্মতলার আব্দুস সালামের ছেলে রায়হান ওরফে রায়হান আহম্মেদ, আরবপুরের সমতা স্কুলের পাশের শেখ মঞ্জিলের বাসিন্দা ইব্রাহিম খলিলের স্ত্রী মোছাম্মাৎ তানজিল তামান্না আশা, অভয়নগর উপজেলার বনগ্রামের ইয়াকুব আলীর ছেলে আতাউর রহমান, ঢাকা কল্যাণপুরের মৃত ইহসান খানের ছেলে অভিযুক্ত মাকছুদা খাতুনের স্বামী শাকির আহম্মেদ ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে অভিযুক্ত মাছুমা আক্তারের স্বামী নাজমুল হাসান।

মামলার বিবরণে জানা গেছে, অভিযুক্ত আসামিরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর নেতাকর্মী। তারা খিলাফত আসন্ন উল্লেখ করে অনলাইনে একটি সংবাদ সম্মেলন করেন।
 
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে ডিবি পুলিশ যশোর শহরের পুরাতন কসবা এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদ ও আশরাফুলকে আটক করে।

এসময় তার বাসা থেকে ১৪টি ম্যাগজিন, হিজবুত তাহরীরের সরবরাহকৃত ৭ প্রকার ৭০টি লিফলেট, একটি কালো রঙের ল্যাপটপ (যাতে খিলাফত আসন্ন শিরোনামে অনলাইনে রাজনৈতিক সম্মেলনের ধারণকৃত ভিডিও আছে) উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
 
এ ব্যপারে ডিবি পুলিশের এসআই আবুল খায়ের মোল্যা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে ঘটনার সঙ্গে ওই আসামিদের প্রাথমিকভাবে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিটে অভিযুক্ত রায়হান আহম্মেদ, মাকছুদা খাতুন, শাকির আহম্মেদ ও নাজমুল হাসানকে পলাতক দেখানো হয়েছে।

মিলন রহমান/এফএ/জেআইএম