ফতুল্লায় বাবু হত্যার প্রধান আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আশরাফুল ইসলাম বাবু হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী রফিকুল ইসলাম রফিককে (৩৮) গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
সোমবার সকালে বন্দর রূপালী এলাকার একটি ভাড়াটিয়া বাসায় স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতে এসে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। তিনি ফতুল্লার উত্তর গাবতলী এলাকার পরিবহন নেতা জিলানীর ছেলে।
মামলার তদন্তকারী অফিসার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টুটুল মোল্লা জানান, ২০১৫ সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম বাবুকে গুলি করে হত্যার পর পর গা ঢাকা দেয় রফিকুল ইসলাম রফিকসহ অন্য সন্ত্রাসীরা। তারা দীর্ঘ দিন পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে থাকে। রোববার রাতে রফিক তার মা-বাবা ও স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করতে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ জুলাই রাতে আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীক বিরোধকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম বাবুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত বাবুর ছোট ভাই সোহেল বাদী হয়ে ২৪ জুলাই ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় পরিবহন শ্রমিকদের নেতা জিলানীর ছেলে রফিকুল ইসলাম রফিককে। অন্য আসামিরা হলেন- রফিকের ভাই উজ্জ্বল, তার সহযোগী চঞ্চল, জনি, আজিম, মানাব্বরসহ আরও কয়েকজন।
শাহাদত হোসেন/আরএআর/জেআইএম